কাফরুলে অপহৃত ৭ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার যুথী কারাগারে
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর কাফরুলে ৭ বছরের শিশু অপহরণের ঘটনায় জড়িত যুথি আক্তারকে (২২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (৬ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) বিকেলে কাফরুলের পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে ৭ বছরের এক শিশু খেলতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির সূত্র ধরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। ফুটেজে দেখা যায়, কালো পোশাক পরিহিত এক নারী শিশুটির হাত ধরে জোরপূর্বক নিয়ে যাচ্ছে। পরে শিশুটির মা আমেনা বেগম কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান পরিচালনা করে যুথী আক্তারকে গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধার করা হয়।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)