উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম
সংগৃহীত ছবি
উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে এক মন্ত্রীর ব্যবহৃত গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে।
ট্রাফিক বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানান, সকাল ৯টা ৮ মিনিটের দিকে পতাকাবাহী একটি গাড়ি সার্কিট হাউজ সড়কের উল্টো দিক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, উল্টোপথে গাড়ি চালানো ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক আইনের লঙ্ঘন। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে এবং প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ট্রাফিক পুলিশ জানায়, গাড়িটি চালাচ্ছিলেন আরিফ হোসেন। রেঞ্জ রোভার গাড়িটি উল্টোপথে চালানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর মামলা করা হয়েছে।
পুলিশের কর্মকর্তারা জানান, গাড়িটি যখন উল্টোপথে সচিবালয়ের দিকে যাচ্ছিল, একই সময়ে পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরও সচিবালয়ের দিকে যাচ্ছিল।
পরে খোঁজ নিয়ে জানা যায়, গাড়িটি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর ব্যবহৃত গাড়ি। ঘটনার সময় মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত গাড়িতে ছিলেন।
ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের দাবি, বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর ব্যবহৃত গাড়ি উল্টোপথে চলার ঘটনায় মামলা করা হলো। তাদের ভাষায়, ঘটনাটি নজিরবিহীন। অতীতে যানজট এড়ানো বা দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রীদের গাড়ি উল্টোপথে চলার খবর গণমাধ্যমে এলেও এ ধরনের ঘটনায় মামলা হওয়ার নজির ছিল না।
মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার বিষয়টি জানাজানি হলে সচিবালয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী নিজেই ট্রাফিক আইন মেনে চলাচল করছেন এবং যানজটের মধ্যেও তাঁর গাড়িবহর ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছে। এমন পরিস্থিতিতে কোনো মন্ত্রী বা সচিবের গাড়ি উল্টোপথে চলার ঘটনায় মামলা হওয়া শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)