রেললাইন ভেঙে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর সচল রাজশাহীর ট্রেন চলাচল
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পিএম
সংগৃহীত ছবি
নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সাথে ঢাকার ট্রেন চলাচল প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী তিনটি আন্তনগর ট্রেন আটকা পড়ে। পরে রেললাইন মেরামত শেষে ট্রেনগুলো বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর এলাকায় রেললাইন ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টেশন ম্যানেজার জানান, খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যায়। লোকমানপুর এলাকা অতিক্রম করার সময় ট্রেনটির সামনে রেললাইন ভেঙে যায়। তবে ট্রেনটি নিরাপদেই ক্ষতিগ্রস্ত অংশ পার হয়ে যায়।
এরপর দুর্ঘটনার স্থান মেরামতের কাজ শুরু হলে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এর মধ্যে বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনে এবং মধুমতি এক্সপ্রেস হরিয়ান স্টেশনে আটকা পড়ে।
রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত মেরামতকাজ শুরু করে। সকাল সাড়ে ৮টার দিকে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষ হলে আটকে থাকা তিনটি ট্রেনই ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল ইসলাম।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)