Logo
×

Follow Us

সারাদেশ

প্যারিসে টেক্সওয়ার্ল্ডে বাংলাদেশের ১২ প্রতিষ্ঠান

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম

প্যারিসে টেক্সওয়ার্ল্ডে বাংলাদেশের ১২ প্রতিষ্ঠান

সংগৃহীত ছবি

ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হওয়া আন্তর্জাতিক পোশাক ও টেক্সটাইল প্রদর্শনী ‘টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস-২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশের ১২টি পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠান। ইউরোপের অন্যতম বড় এ প্রদর্শনীতে অংশ নিয়ে দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।

তিন দিনব্যাপী প্রদর্শনীটি প্যারিসের লে বুর্জে প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে এবং আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তা ও প্যারিসে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় বাংলাদেশের ১২টি প্রতিষ্ঠানের ২৪ জন প্রতিনিধি এতে অংশ নিয়েছেন।

ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও প্রদর্শনীতে অংশ নিয়েছে। মেলার প্রথম দিন বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এ সময় ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফসহ বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ফ্রান্সের সরকারি-বেসরকারি খাত এবং অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‘টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস’ বিশ্বের পোশাক প্রস্তুতকারক, টেক্সটাইল ও কাপড় সরবরাহকারী, প্রযুক্তি উদ্ভাবক, ব্র্যান্ড, ক্রেতা, খুচরা বিক্রেতা ও ডিজাইনারদের অন্যতম আন্তর্জাতিক মিলনমেলা হিসেবে পরিচিত। ইউরোপের বাজারে নতুন পণ্য ও সরবরাহকারীর সন্ধান এবং আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ তৈরিতে এ প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্যারিসের এ আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণের অন্যতম লক্ষ্য হলো দেশের পোশাক ও টেক্সটাইল রপ্তানি বাজার আরও সম্প্রসারণ করা। পাশাপাশি মূল্য সংযোজিত তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের প্রচার, নতুন আন্তর্জাতিক ক্রেতা আকর্ষণ এবং ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রদর্শনীতে অংশ নেওয়া বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের মান, উৎপাদন সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা তুলে ধরার সুযোগ পাচ্ছে। একই সঙ্গে বিশ্ব ফ্যাশন ও পোশাকশিল্পের পরিবর্তনশীল চাহিদা অনুযায়ী বাংলাদেশের শিল্পখাত কতটা প্রস্তুত, সেটিও আন্তর্জাতিক ক্রেতা ও ব্যবসায়ীদের সামনে তুলে ধরা হচ্ছে।

মেলার প্রথম দিন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ মেসে ফ্রাঙ্কফুর্টের প্রধান নির্বাহীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রদর্শনীর দ্বিতীয় দিনে ফ্রান্সের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড সেলিওর প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এ ছাড়া তিনি ‘প্রিমিয়ের ভিশন প্যারিস’ মেলাও পরিদর্শন করবেন।

আগামী ২ সেপ্টেম্বর ব্রাসেলসে ইউরোপীয় অ্যান্টি-ফ্রড অফিস এবং রেসপনসিবল বিজনেস কনডাক্ট সেন্টারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ইপিবির ভাইস চেয়ারম্যান। পরদিন ৩ সেপ্টেম্বর ব্যুরো ইন্টারন্যাশনাল দে এক্সপোজিশনসের মহাসচিব এবং অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) রেসপনসিবল বিজনেস কনডাক্ট সেন্টারের প্রধানের সঙ্গেও পৃথক বৈঠক করার কথা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

প্যারিসের টেক্সওয়ার্ল্ড মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে কমোডা গার্মেন্টস, স্কাইলার্ক নিট কম্পোজিট লিমিটেড, নরবান কমপটেক্স লিমিটেড, ওয়ার্পটেক্স বাংলাদেশ, বিএনএম গার্মেন্টস লিমিটেড, ফেবিট্যাক্স ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড ক্রিয়েশন, ফেব্রিকা নিট কম্পোজিট, ডুকাতি অ্যাপারেলস লিমিটেড, কোরাস ফ্যাশন লিমিটেড, বেঙ্গল গ্লোরি লিমিটেড ও সিয়াম ফেব্রিক্স লিমিটেড।

বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল খাতের জন্য ইউরোপের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় আন্তর্জাতিক এ প্রদর্শনীতে অংশগ্রহণকে রপ্তানি বহুমুখীকরণ ও নতুন বাজার তৈরির একটি কার্যকর উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন