স্বর্ণ ছিনতাই: ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন ও সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন শান্ত। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল।
মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, দুই নেতাকে বহিষ্কারের তথ্য সঠিক।
সংগঠনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহিষ্কৃত দুই নেতার সাথে ছাত্রদলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৯ আগস্ট স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে মো. সুমন বিমানবন্দর থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন। ওই রাতেই বিমানবন্দর এলাকা থেকে আল-আমিন হোসেন শান্ত ও আব্দুর রউফকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অপর দুই আসামি হলেন মো. রিপন হোসেন ও রানা হোসেন রুবেল। মামলায় ২০০ গ্রাম স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া শান্ত ও রউফকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তাদের গ্রেপ্তারের পর পুলিশ ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধারের কথাও জানিয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)