সংগৃহীত ছবি
টাঙ্গাইলের নাগরপুরে টাকা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে মাদকাসক্ত ছেলের হামলায় আব্দুর রহিম ভূইয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আব্দুর রহিম পেশায় ভ্যানচালক। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মোস্তফা ভূইয়া (২০) ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে বসে ভাত খাচ্ছিলেন আব্দুর রহিম। এ সময় ছেলে মোস্তফা তাঁর কাছে টাকা চান। টাকা দিতে কিছুটা দেরি হওয়ায় মোস্তফা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ঘরে থাকা শীলপাথর দিয়ে বাবার মাথায় আঘাত করেন তিনি। গুরুতর আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন আব্দুর রহিম এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মোস্তফা মাদকাসক্ত। কিছুদিন আগে তাঁর বিয়ে হয়েছিল। বিয়ের পর স্ত্রীকে নির্যাতনের অভিযোগও রয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যান।
নিহতের স্ত্রী শিরিন বেগম ও বড় মেয়ে সালমা জানান, মোস্তফার আচরণ অনেক সময় অস্বাভাবিক হয়ে যায়। তিনি মাঝেমধ্যে বাড়িতে অসংলগ্ন আচরণ করতেন।
বেকড়া আটগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল কদ্দুস বলেন, মোস্তফা মাদকাসক্ত। টাকা-পয়সা নিয়ে বাবার সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, বাবাকে হত্যার পর মোস্তফা ভূইয়া ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে তাঁর ভাই মোস্তফাকে আসামি করে থানায় মামলা করেছেন।
ঘটনার পর কোনাবাড়ি গ্রামে শোকের পরিবেশ নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)