Logo
×

Follow Us

সারাদেশ

কাপ্তাইয়ের পানি বিপৎসীমায়, খুলে দেয়া হলো ১৬ জলকপাট

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:২১ এএম

কাপ্তাইয়ের পানি বিপৎসীমায়, খুলে দেয়া হলো ১৬ জলকপাট

ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি ছাড়ার কার্যক্রম শুরু হয়েছে। কর্ণফুলী নদীতে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে। এ সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল প্রায় ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএল।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। গেট খোলার সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫.৯৮ ফুট এমএসএল, যেখানে হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের সচল পাঁচটি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। ফলে স্পিলওয়ে ও বিদ্যুৎ উৎপাদন মিলিয়ে এখন মোট ৪১ হাজার কিউসেক পানি প্রতি সেকেন্ডে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

এর আগে দুপুরে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, হ্রদে পানির সঞ্চয় অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগাম পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১৮ জুলাই একইভাবে ১৬টি জলকপাট খোলা হয়েছিল এবং পানি কমে আসায় ২৩ জুলাই তা আবার বন্ধ করে দেয়া হয়।

এদিকে, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট বর্তমানে চালু রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। এর সঙ্গে স্পিলওয়ের গেট দিয়ে আরও ৯ হাজার কিউসেক পানি ছাড়ায় কর্ণফুলী নদীতে পানির প্রবাহ আরও বাড়তে পারে।

এ পরিস্থিতিতে কাপ্তাই, রাঙামাটি ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, ঘাট ও চরাঞ্চলে পানির স্তর দ্রুত বাড়তে পারে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীতীরবাসীকে সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে।

মন্তব্য করুন