ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১০:২৪ এএম
সংগৃহীত ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ থেকে কুমিল্লার চান্দিনা পর্যন্ত ঢাকামুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে শুরু হওয়া এই যানজট শনিবার সকালেও অব্যাহত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকামুখী লেনের একটি অংশে বড় গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় শুক্রবার সকাল ১১টার দিকে সেখানে জরুরি সংস্কারকাজ শুরু করা হয়। কাজ চলার সময় মহাসড়কের দুটি লেনের একটি বন্ধ রেখে অপর লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। এতে ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকে এবং একপর্যায়ে তা দীর্ঘ যানজটে রূপ নেয়।
শনিবার সকালে এক লেন দিয়ে অতিরিক্ত যানবাহন পারাপার করতে গিয়ে যানজট আরও তীব্র হয়। পরে এর প্রভাব কুমিল্লার চান্দিনা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কে আটকা পড়া হাজারো যানবাহনের যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে বিদেশগামী যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছানো নিয়ে বিপাকে পড়েছেন।
যানজটে আটকে থাকা এক বাসচালক জানান, শুক্রবার মধ্যরাত থেকে তিনি সড়কে আটকে আছেন। দীর্ঘ সময় একই জায়গায় অবস্থান করায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। আরেক চালক জানান, চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে এবং প্রায় আট ঘণ্টা ধরে তিনি যানজটে আটকে আছেন।
টোলপ্লাজায় আটকে থাকা এক বাসযাত্রী বলেন, ঘণ্টার পর ঘণ্টা পার হলেও যানবাহন খুব সামান্যই এগোচ্ছে। এত দীর্ঘ যানজটের কারণে যাত্রীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের অন্যতম কারণ আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় চলমান সড়ক সংস্কার। মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে। যানজট কমাতে হাইওয়ে পুলিশ কাজ করছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের একটি লেনে জরুরি সংস্কারকাজ চলছে। ফলে অন্য লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)