সৌদিতে নিহত ৭ প্রবাসীর জানাজা আত্রাইয়ে একসাথে অনুষ্ঠিত
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০১:২৪ পিএম
নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর জানাজা একসাথে অনুষ্ঠিত
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর জানাজা একসাথে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এবং আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমসহ প্রশাসনের কর্মকর্তা ও বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অংশ নেন।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ও পরিচয় শনাক্ত হওয়া নয় বাংলাদেশির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তাদের মধ্যে সাতজনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। বিমানবন্দর থেকে প্রশাসনের সহায়তায় মরদেহগুলো বৃহস্পতিবার রাত দেড়টার দিকে আত্রাইয়ে নেওয়া হয়।
জানাজা শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে নিজ নিজ গ্রামের উদ্দেশে রওনা হন।
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু বলেন, নিহতদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে এসব পরিবারের পাশে সহযোগিতা অব্যাহত থাকবে। সৌদি আরবে নিহত আরও বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।
সৌদি দূতাবাসের পাঠানো তালিকা অনুযায়ী, নিহত সাতজন হলেন—উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী, সুমন আলী ও বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।
রিয়াদের ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো প্রবাসীদের মরদেহ দেশে ফেরার পর আত্রাইয়ে নেমে আসে শোকের ছায়া। জানাজায় স্থানীয়দের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)