টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৬:৩১ পিএম
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজার সংলগ্ন মানাই নদীতে এই দুর্ঘটনা ঘটে।
আব্দুল মাজেদ রাজশাহীর শাহমাখদুম থানার মধ্যনওদাপাড়ার এলাকার বাসিন্দা নুরুল ইসলাম বাবুর ছেলে। তিনি রাজশাহী মোহনপুর সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষে শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, আজ সকালে জেলার পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলা থেকে পিকলুসহ ১০ জনের একটি পর্যটক দল ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে রওনা হয়। সকাল ১০টার দিকে নৌকাটি তাহিরপুরের লামাগাঁও বাজারের পাশে মানাই নদীতে নোঙর করা হয়। এ সময় নৌকার কয়েকজন যাত্রী রান্নার কেনাকাটা করতে বাজারে যান এবং পিকলুসহ বাকিরা নদীতে গোসল করতে নামেন।
গোসল শেষে সহপাঠীরা নৌকায় উঠে এলেও পিকলু আর পানি থেকে উঠে আসেননি। তাকে দেখতে না পেয়ে সঙ্গীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে প্রায় তিন ঘণ্টা যৌথ তল্লাশি চালিয়ে মানাই নদী থেকে পিকলুর নিথর দেহ উদ্ধার করেন।
খবর পেয়ে তাহিরপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও পর্যটকবাহী নৌকাটি থানায় নিয়ে যায়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহায়তা তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)