ফাইল ছবি
বাংলাদেশ পুলিশে আবারও বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
প্রথম প্রজ্ঞাপনে সাত কর্মকর্তাকে বিভিন্ন জেলা ও ইউনিটে বদলি করা হয়েছে। এর মধ্যে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানকে বরগুনায় এবং মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিককে গাজীপুরে পদায়ন করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। ডিএম হাসিবুল বেনজীরকে সিলেট থেকে গাইবান্ধায় বদলি করা হয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দেকে এপিবিএনে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলে বদলি করা হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে আরও সাত কর্মকর্তার বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ারকে সাতক্ষীরায় বদলি করা হয়েছে। পিটিসি, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমাকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পদায়ন করা হয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমানকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রিদকে জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেলে পদায়ন করা হয়েছে।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা সুলতানা নেলিকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার ইসফাকুল কবির সরকারকে সহকারী পুলিশ সুপার হিসেবে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলে বদলি করা হয়েছে। এপিবিএনের সহকারী পুলিশ সুপার জনি লাল দেবকে সহকারী পুলিশ কমিশনার হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) পদায়ন করা হয়েছে।
এদিকে গত ১৯ আগস্টের প্রজ্ঞাপনে র্যাবের সহকারী পুলিশ সুপার এইচএম গোলাম রব্বিকে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, সেটিও বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর ও নতুন কর্মস্থলে যোগদান না করলে ৬ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিক অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে গণ্য হবেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)