দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম
সংগৃহীত ছবি
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় থাকায় কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল ৯টা থেকে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।
আবহাওয়াবিদ মুহাম্মদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, ঢাকায় বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে। তবে পরবর্তী দুই দিনে বৃষ্টির প্রবণতা আবার বাড়তে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
শুক্রবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।
শনিবার দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
রোববারও সারাদেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার এই পরিস্থিতির পেছনে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় থাকা লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে বর্তমানে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্র, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)