বগুড়ার সদর উপজেলায় সাইফুল ইসলাম নামে এক সাবেক ইউপি সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার আশোকোলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সাইফুল ইসলাম নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, রাতে বাঘোপাড়া বাজারে কয়েকজনের সাথে চা পান শেষে এক ভাতিজাকে সাথে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। আশোকোলা সেতুর কাছে পৌঁছালে তিন যুবক তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। ওই যুবকদের সঙ্গে সাইফুলের আগে থেকেই পরিচয় ছিল বলে জানা গেছে।
মোটরসাইকেল থামানোর পর তাদের মধ্যে কথাবার্তার একপর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তিন যুবক সাইফুল ইসলামকে রাস্তার পাশের একটি জমিতে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তারা।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাইফুল ইসলামকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, হত্যাকাণ্ডে জড়িত তিন যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের জন্য জেলা পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালাচ্ছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)