Logo
×

Follow Us

সারাদেশ

এমপিওভুক্তির দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১১:৫৪ এএম

এমপিওভুক্তির দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা

এমপিওভুক্তির দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি শুরু করেছেন শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংগঠনটির ২৩ আগস্টের আবেদনের পরিপ্রেক্ষিতে ২১টি শর্তে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়।

ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের সই করা অনুমতিপত্রে বলা হয়েছে, নির্ধারিত সময় ও স্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান ও মানববন্ধন করতে হবে। অনুমোদিত এলাকার বাইরে কর্মসূচি পালন করা যাবে না এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ করতে হবে।

পুলিশের শর্ত অনুযায়ী, কর্মসূচিতে উসকানিমূলক বক্তব্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য বা প্রচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না। একই সঙ্গে মাদকদ্রব্যের ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া জননিরাপত্তা ও সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়েও আয়োজকদের সতর্ক করা হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীদের যানবাহন পার্কিংয়ের জন্য সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপির অনুমতিতে আরও বলা হয়েছে, অনুমোদিত স্থানের বাইরে কাউকে মানববন্ধনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যাবে না। কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে এর দায় সংশ্লিষ্ট আয়োজকদের বহন করতে হবে।

মন্তব্য করুন