Logo
×

Follow Us

সারাদেশ

শাহজালালে ৪ কেজি কুশ জব্দ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:৫৭ এএম

শাহজালালে ৪ কেজি কুশ জব্দ

ছবিঃ সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ হাজার ১৮০ গ্রাম উচ্চমূল্যের মাদক ‘কুশ’ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় দুটি ভারতীয় পাসপোর্টের ফটোকপিসহ দুটি ট্রাভেল ট্রলি উদ্ধার করা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুই ভারতীয় নাগরিক ট্রলি ফেলে পালিয়ে যান।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। ডিএনসি সূত্রে জানা গেছে, একটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি বিশেষ দল সেখানে অবস্থান নেয়।

ডিএনসির সহকারী পরিচালক মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে দলটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রিন চ্যানেলে দায়িত্ব পালন করছিল। এর কিছুক্ষণ পর ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে করে দুই ভারতীয় নাগরিক আকাশ দুবে (২৮) ও আকাশ পান্ডে (৩৪) শাহজালাল বিমানবন্দরে আসেন।

বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বুঝতে পেরে ওই দুই ব্যক্তি তাদের সঙ্গে থাকা দুটি ট্রাভেল ট্রলি গ্রিন চ্যানেলে ফেলে দ্রুত সরে যান। পরে বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও সাক্ষীদের উপস্থিতিতে ট্রলি দুটিতে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই মোট ৪ হাজার ১৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়। ট্রলির সঙ্গে দুই ভারতীয় নাগরিকের পাসপোর্টের ফটোকপিও পাওয়া যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, পলাতক দুজন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) বিমানবন্দর সার্কেলের উপপরিদর্শক রোকেয়া আক্তার বাদী হয়ে মামলাটি করেন।

পলাতক দুই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন