কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে মৃত ছয় বাংলাদেশির মরদেহ আজ দেশে ফিরছে
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:৪০ পিএম
ছবিঃ সংগৃহীত
কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ আজ দেশে আনা হচ্ছে। শনিবার (২২ আগস্ট) সকালে মরদেহগুলো বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। নিহত আরেক বাংলাদেশি রেবতী সরকারের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতাতেই সৎকার করা হবে।
মরদেহ সংরক্ষণ, পরিবহনসহ দেশে পাঠানোর পুরো প্রক্রিয়ার ব্যয় বহন করছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন। এ জন্য শুক্রবার রাতে ছয়জনের মরদেহ কলকাতার পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ড হিমঘরে রাখা হয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুত মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ মিশন।
শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষ হওয়ার পর কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, আফসানা শারমীন, তাদের সন্তান শর্ণশীষ দত্ত এবং মো. আকরাম আলীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একই প্রক্রিয়ায় সাভারের আহামেদ বাবু ও সাতক্ষীরার এসএম আলিমুজ্জামানের মরদেহও স্বজনদের কাছে দেওয়া হয়।
মরদেহ বুঝে নেওয়ার পর পরিবারের সদস্যরা সেগুলো নিয়ে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে যান। সেখানে বাংলাদেশ মিশন ও ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেওয়া হয়।
এদিকে সাতক্ষীরার রেবতী সরকারের মরদেহ পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কলকাতাতেই সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। ময়নাতদন্ত, মরদেহ হস্তান্তর ও সরকারি অনুমোদনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিহতদের মরদেহ দেশে ফেরানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ উপহাইকমিশন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)