Logo
×

Follow Us

শিক্ষাঙ্গন

২৪ ঘণ্টা অবরুদ্ধ চুয়েট উপাচার্য, শাহবাগে সমাবেশের ডাক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩২ পিএম

২৪ ঘণ্টা অবরুদ্ধ চুয়েট উপাচার্য, শাহবাগে সমাবেশের ডাক

সংগৃহীত ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবন-২-এ প্রায় ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমসহ ১১ জন। উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনের ভেতরের ফটক ও মূল ফটকে তালা ঝুলিয়ে রেখেছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসন এবং শিক্ষার্থীদের বাসে হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে সমাবেশ ও মানববন্ধনের ডাক দিয়েছেন ঢাকায় অবস্থানরত চুয়েটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে অবরুদ্ধ উপাচার্যসহ অন্যদের জন্য সকালের খাবার পৌঁছে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার মধ্যে সোমবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী প্রকৌশলী শাহরিয়ার ও প্রকৌশলী টিটু মো. সোহান। তাঁদের মধ্যে শাহরিয়ারকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়।

অবরুদ্ধ অবস্থায় শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমও। তিনি বলেন, সোমবার রাত ২টার দিকে পুলিশের মাধ্যমে খাবার এসেছিল। সেটি খেয়েছেন তাঁরা। দীর্ঘ সময় সেখানে অবস্থানের কারণে তাঁর প্রচণ্ড মাথাব্যথা হচ্ছে এবং রাতে ঘুমাতে পারেননি। অন্যদেরও বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে বলে জানান তিনি।

আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনার সুযোগ পাননি উল্লেখ করে উপাচার্য বলেন, তিনি আলোচনায় বসতে চান। সোমবার শিক্ষার্থীদের সামনে গেলেও তাঁদের আচরণের কারণে আলোচনার পরিবেশ তৈরি হয়নি বলে দাবি করেন তিনি।

তবে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খান বলেন, নবনিযুক্ত উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অবরুদ্ধ অবস্থা প্রত্যাহার করা হবে না। তাঁর ভাষ্য, সোমবার উপাচার্যকে ভবন থেকে বের হওয়ার জন্য নির্ধারিত সময় দেওয়া হয়েছিল। এরপরও তিনি বের না হওয়ায় শিক্ষার্থীরা পূর্বঘোষণা অনুযায়ী ফটকে তালা দেন। অবরুদ্ধ ব্যক্তিদের জন্য সকালের খাবারের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি।

সোমবার রাতভর প্রশাসনিক ভবন-২-এর সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তাঁরা সেখানে খাওয়া-দাওয়া করেন এবং রাত কাটান। উপাচার্যের পদত্যাগের দাবিতে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এদিকে চুয়েটের শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি এবং শিক্ষার্থীদের বাসে হামলার প্রতিবাদে শাহবাগের কর্মসূচিতে চুয়েটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশ নেয়ার কথা রয়েছে।

এর আগে সোমবার সকালে প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। নিয়োগ পাওয়ার প্রায় তিন সপ্তাহ পর তিনি ক্যাম্পাসে যান। এ সময় তার সাথে চুয়েটের কয়েকজন বর্তমান ও সাবেক শিক্ষার্থী ছিলেন।

পরে উপাচার্য ও তাঁর সহযোগীদের ভবন ছেড়ে যাওয়ার জন্য দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা ভবন না ছাড়ায় শিক্ষার্থীরা ভেতরের ফটকে তালা ঝুলিয়ে দেন। একই সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত ভবনের তালা খোলা হবে না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মন্তব্য করুন