রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম
সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছে তদন্ত কমিটি। এ ছাড়া চার শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগের অধিকতর তদন্ত এবং আরো তিনজনকে সতর্ক করার সুপারিশ করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে উপাচার্য এসব তথ্য জানান।
উপাচার্য বলেন, গত ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করা এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী, ঘটনার সাথে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় আহসান হাবীব, বিশাল চক্রবর্তী, হাসিবুল হাসান ও আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ ছাড়া রাকিবুল ইসলাম, তাকবীর আহমেদ ইমন, সৈয়দ সাজহারুল ইসলাম ও তানিম রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং সংশ্লিষ্ট প্রমাণাদি আরো গভীরভাবে যাচাই করা হবে। তদন্তের পর তাঁদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপাচার্য।
অন্যদিকে, বুলবুল রহমান, শরীফুল ইসলাম ও শাহরিয়ার আলমকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনের সময় কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন। এ ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। পরে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শনাক্ত করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)