প্রাথমিক শিক্ষক নিয়োগে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম
প্রাথমিক শিক্ষক নিয়োগে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে প্রার্থীদের সতর্ক করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অসত্য প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য উত্তীর্ণ প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ অক্টোবরের মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ কোনো প্রার্থী নিয়োগপত্র না পেলে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। যথাযথ পরীক্ষা-নিরীক্ষা শেষ করে পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট প্রার্থীদের নিয়োগপত্র দ্রুত পাঠানো হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পুলিশি ভেরিফিকেশন বা ভেটিং সম্পন্ন করা একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ার কারণে নিয়োগপত্র পেতে কোনো প্রার্থীর ক্ষেত্রে সময়ের তারতম্য হতে পারে।
এ অবস্থায় নিয়োগ-সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রচারিত অসত্য ও বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে মন্ত্রণালয়ের দেয়া তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)