ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।সংগৃহীত ছবি
ব্লু ইকোনমি বা সমুদ্রভিত্তিক অর্থনীতিকে কেন্দ্র করে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ উদ্যোগে বাংলাদেশের সাথে চীনের যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত দ্বিতীয় চায়না-বাংলাদেশ প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময় গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজ, সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার পাশাপাশি ব্লু ইকোনমি খাতেও বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতার বড় সুযোগ রয়েছে। সমুদ্রসম্পদভিত্তিক অর্থনীতি নিয়ে গবেষণা ও দক্ষতা উন্নয়নে দুই দেশের মধ্যে সহযোগিতা আরো বাড়ানো যেতে পারে।
তিনি জানান, ব্লু ইকোনমি নিয়ে গবেষণার পরিধি বাড়াতে চীনের বিশেষজ্ঞ ও গবেষকেরা বাংলাদেশের সাথে সক্রিয়ভাবে কাজ করছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও এ খাতে গবেষণা ও জ্ঞানচর্চাকে আরও এগিয়ে নেয়ার অংশ বলে জানান তিনি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)