Logo
×

Follow Us

শিক্ষাঙ্গন

এসএসসি খাতা মূল্যায়নে গাফিলতিতে জবাবদিহি করতে হবে: শিক্ষামন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

এসএসসি খাতা মূল্যায়নে গাফিলতিতে জবাবদিহি করতে হবে: শিক্ষামন্ত্রী

সংগৃহীত ছবি

এবারের এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে ত্রুটি ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পুনঃমূল্যায়নের পর বিপুলসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় বিষয়টি স্পষ্ট হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, এবার এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের পর ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তার মতে, এই সংখ্যা খাতা মূল্যায়ন প্রক্রিয়ায় ত্রুটির বিষয়টি সামনে এনেছে।

তিনি বলেন, যেসব পরীক্ষক দায়িত্ব যথাযথভাবে পালন করেননি, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সাথে পরীক্ষকদের খাতা মূল্যায়নের আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর মোহাম্মদ আলী জিন্নাহ এবং স্বাগত বক্তব্য দেন অধ্যাপক মো. লুৎফর রহমান।

মন্তব্য করুন