Logo
×

Follow Us

শিক্ষাঙ্গন

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার

Icon

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ এএম

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার

ফাইল ছবি

এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। এবার ফল পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

তিনি জানান, এবার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। প্রথমবারের মতো শুধু নম্বর যোগে কোনো ভুল হয়েছে কি না, তা যাচাইয়ের মধ্যে প্রক্রিয়াটি সীমাবদ্ধ রাখা হয়নি। আবেদন করা উত্তরপত্রগুলো পুনরায় মূল্যায়নও করা হয়েছে।

এর আগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে মূলত উত্তরপত্রে নম্বর যোগ বা হিসাবের কোনো ভুল হয়েছে কি না, সেটিই যাচাই করা হতো। পুরো খাতা নতুন করে মূল্যায়নের নিয়ম ছিল না। তবে এবার আবেদন করা উত্তরপত্র পুনরায় মূল্যায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

গত ১১ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ শেষ হয় ১৭ আগস্ট রাত পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন।

একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারেন। ফলে পরীক্ষার্থীর মোট সংখ্যার চেয়ে আবেদন করা উত্তরপত্রের সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে। সব মিলিয়ে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন হয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ৫৮ হাজার ১২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

এ ছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডে ৩৫ হাজারের বেশি, রাজশাহী বোর্ডে ৩৯ হাজারের বেশি, যশোর বোর্ডে ২৮ হাজারের বেশি, চট্টগ্রাম বোর্ডে ৩৯ হাজারের বেশি, বরিশাল বোর্ডে ১৭ হাজারের বেশি, সিলেট বোর্ডে ২০ হাজারের বেশি, দিনাজপুর বোর্ডে ৩৭ হাজারের বেশি এবং ময়মনসিংহ বোর্ডে ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন।

ফলে বৃহস্পতিবার প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফল শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন পদ্ধতিতে উত্তরপত্র পুনর্মূল্যায়নের কারণে এবার কতজনের ফল পরিবর্তন হয়, সেদিকেও নজর থাকবে সংশ্লিষ্টদের।

মন্তব্য করুন