Logo
×

Follow Us

শিক্ষাঙ্গন

একাদশে ভর্তি আবেদন শুরু, ক্লাস ২৩ সেপ্টেম্বর

Icon

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ এএম

একাদশে ভর্তি আবেদন শুরু, ক্লাস ২৩ সেপ্টেম্বর

একাদশে ভর্তি আবেদন শুরু, ক্লাস ২৩ সেপ্টেম্বর

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে আজ। শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। ভর্তি নিশ্চায়ন শেষে ২০ থেকে ২২ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম চলবে। নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী, কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে আবেদন করতে হবে। প্রাথমিক আবেদনের জন্য ২২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ভর্তি কার্যক্রমের এসব তথ্য জানিয়েছেন।

ভর্তি সূচি অনুযায়ী, ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের পর যাদের ফল পরিবর্তিত হবে, তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। এ সময় পছন্দক্রমেও প্রয়োজনীয় পরিবর্তন করা যাবে।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচনের পর ভর্তি নিশ্চায়নের জন্য ১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। সব প্রক্রিয়া শেষ করে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

এর আগে ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে। নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। অবশিষ্ট ৯৩ শতাংশ আসনে মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

মন্তব্য করুন