বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি যুক্তরাষ্ট্রে
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:২০ পিএম
বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপের কঠোরতা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন
বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপের অনুমোদন প্রক্রিয়ায় নতুন করে কঠোরতা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দিয়ে একটি মেমো পাঠানো হয়েছে। নির্ধারিত নিয়ম অনুসরণে ব্যর্থ হলে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সার্টিফিকেশন বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ আগস্ট জারি করা মেমোতে বলা হয়েছে, ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) অধীন ‘স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম’ (এসইভিপি) কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং বা সিপিটির অনুমোদন নিয়ে নজরদারি করছে। সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানে সিপিটি অনুমোদনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে মেমোতে উল্লেখ করা হয়। অথচ প্রচলিত নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীর পাঠ্যক্রমের অপরিহার্য অংশ হলেই কেবল এ ধরনের প্রশিক্ষণের অনুমোদন দেওয়ার কথা।
নির্দেশনায় আরও সতর্ক করা হয়েছে, এসইভিপির নিয়ম যথাযথভাবে অনুসরণ না করলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থী ভর্তি করানোর জন্য প্রয়োজনীয় সার্টিফিকেশন হারাতে পারে।
নতুন এই নির্দেশনার পর যুক্তরাষ্ট্রের কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের নির্দিষ্ট কাজের অনুমোদনসংক্রান্ত আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে। এর মধ্যে লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (ইউসিএলএ) এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে রয়েছে।
ইউসিএলএর এক মুখপাত্র জানিয়েছেন, সরকারি নির্দেশনাটি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি নির্দিষ্ট কিছু কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের অনুমোদন দেওয়া বন্ধ রেখেছে।
অন্যদিকে বার্কলের আন্তর্জাতিক দপ্তর আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগেভাগে পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অদূর ভবিষ্যতে নির্দিষ্ট কিছু কাজের ক্ষেত্রে অনুমোদন সীমিত করা হতে পারে। তবে ডিগ্রি অর্জনের জন্য বাধ্যতামূলক সিপিটি এবং ডক্টরাল ডিসারটেশন ও মাস্টার্স থিসিস গবেষণাসংক্রান্ত সিপিটির অনুমোদন আগের মতোই চালু থাকবে।
এ বিষয়ে আইসিইর অভিভাবক সংস্থা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, নিয়মাবলীতে নতুন কোনো পরিবর্তন আনা হয়নি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদ্যমান ব্যবস্থার অপব্যবহার আর মেনে নেবে না বলে বিশ্ববিদ্যালয় ও নিয়োগকর্তাদের সতর্ক করা হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)