Logo
×

Follow Us

আন্তর্জাতিক

নিউইয়র্কে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১১:৪৩ এএম

নিউইয়র্কে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বাংলাদেশি নিহত যুবক রাজু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি ফ্রায়েড চিকেনের দোকানে বন্দুকধারীর গুলিতে রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিল এলাকার ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজ্জা’ নামের দোকানে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রাজুর বাড়ি বাংলাদেশের নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। তিনি যুক্তরাষ্ট্রে বসবাসের পাশাপাশি ওই দোকানে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, রাতের দিকে এক বন্দুকধারী দোকানে ঢুকে গুলি চালালে সেখানে কর্মরত দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন। তাঁদের একজনের পায়ে এবং রাজুর বুকে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় দুজনকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, রকঅ্যাওয়ে এভিনিউ ও নিউপোর্ট স্ট্রিটের কাছাকাছি ওই রেস্তোরাঁয় হামলার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহত দুজনকে উদ্ধার করে ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাজুকে মৃত ঘোষণা করেন। অপর বাংলাদেশি চিকিৎসা নেওয়ার পর সুস্থ আছেন বলে জানা গেছে।

এ ঘটনায় নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, কয়েক বছর আগে উন্নত ও নিরাপদ জীবনের আশায় রাজু যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। প্রবাসজীবন শুরু করার কিছুদিনের মধ্যেই বন্দুক হামলায় তাঁর মৃত্যুতে পরিবার ও পরিচিতজনদের মধ্যে গভীর শোক তৈরি হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি হামলায় জড়িত বন্দুকধারীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা।

মন্তব্য করুন