দেশের সকল ক্যান্সার হাসপাতালে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০২:০৮ পিএম
ছবিঃ বাসস
দেশের ক্যান্সার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পাশাপাশি এসব যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত ‘জাতীয় ক্যান্সার সম্মেলন ২০২৬’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘সবার জন্য ক্যান্সার সেবা: প্রতিরোধ, নির্ভুল চিকিৎসা, উপশমমূলক পরিচর্যা ও নীতিনির্ধারণের সমন্বয়’।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যান্সারের চিকিৎসায় প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন কিংবা অপসারণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দূর করা হবে। দেশের হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের মাধ্যমে রোগীদের নিজ দেশেই আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে চায় সরকার।
তিনি আরো বলেন, ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসার উন্নয়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। স্বাস্থ্য খাতের বাজেটের একটি বড় অংশ ক্যান্সার চিকিৎসায় ব্যয় করার পরিকল্পনার কথাও জানান তিনি।
নতুন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশে আধুনিক চিকিৎসা সরঞ্জাম পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও টেকনোলজিস্ট রয়েছেন। তাঁদের দক্ষতা বাড়াতে প্রয়োজনে আগামী তিন মাসের মধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে নতুন যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়।
স্বাস্থ্য খাতের অতীতের অব্যবস্থাপনার সমালোচনা করে মন্ত্রী বলেন, গত ১৭ বছরের শাসনামলে এ খাত অনেক পিছিয়ে পড়েছে। বর্তমান সরকার স্বাস্থ্যসেবায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করবে না। দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরি হারাতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
জাতীয় ক্যান্সার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডালিম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান বক্তব্য দেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)