হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৭৭
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পিএম
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরের হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ১৭৭ জনে দাঁড়াল। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২৭ শিশু।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ১০৪ ও এর উপসর্গ নিয়ে শিশুসহ ১ হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ১১৭৭।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১২১টি শিশু। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর (শিশু ও প্রাপ্ত বয়স্ক) সংখ্যা এক লাখ ৮৫ হাজার ৩৯০ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্তের (শিশু ও প্রাপ্ত বয়স্ক) সংখ্যা ২২ হাজার ৮৪০।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৪৬২ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (২৩২ জন) ও সিলেট (১২৬ জন)।
ঢাকা-চট্টগ্রাম-সিলেট ছাড়াও গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছে- রাজশাহীতে ২২, ময়মনসিংহে ৯৫, বরিশালে ১৪৬, খুলনায় ৯২ ও রংপুরে ২৪টি শিশু হামে আক্রান্ত হয়েছে।
গত ৪ ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ২৩ সেপ্টেম্বর একদিনে ১১ মৃত্যুর খবর আসে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)